ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবাকে ছেলের ‍গুলি, দুজনকেই বহিষ্কার করল বিএনপি

বাবাকে ছেলের ‍গুলি, দুজনকেই বহিষ্কার করল বিএনপি
×

ফাইল ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ০৬:৫২

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব ও গুলিবর্ষণের ঘটনায় দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত খোকা মিয়া উপজেলা বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তাঁর ছেলে তোফায়েল আহমেদ রানা ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন যুবদল নেতা।

বহিষ্কার আদেশে বলা হয়, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে খোকা মিয়া বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং তোফায়েল আহমেদ রানা বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে অবস্থান নেন। নির্বাচনের আগে স্থানীয় নারিশ ফিড মিলের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ছিল ছেলে রানার হাতে। ১২ ফেব্রুয়ারির পর ওই ব্যবসা নিয়ন্ত্রণে নেন তাঁর বাবা খোকা মিয়া। এই নিয়ে খোকা মিয়া ও রানার মধ্যকার বিরোধ সংঘর্ষে রূপ নেয়। গত ১২ এপ্রিল নারিশ ফ্যাক্টরির সামনে রানার নিজ কার্যালয়ে বাবা-ছেলের বচসার এক পর্যায়ে বাবাকে লক্ষ্য করে গুলি করেন রানা। এ সময় গুলি ও মারধরে আহত হন খোকা মিয়া ও তাঁর সহযোগী মো. খোকন এবং রানার সহযোগী বখতিয়ার আহাম্মেদ।

ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গুলি ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জজ মিয়া, ইলিয়াস আহমদ ও রবিন নামে তিনজনকে আটক করা হয়েছে। ১৩ এপ্রিল তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। তবে ওই ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি। 

আরও পড়ুন

×