৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
ছবি-সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ১১:৫৭
ষাট বছরের জীবনে টানা ৩৭ বছরই শিক্ষকতা করেছেন সাখাওয়াত হোসেন। জ্ঞানের আলো বিতরণ করে অর্জন করেছেন মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা। এই শিক্ষকের অসংখ্য শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত।
বৃহস্পতিবার ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেনের শেষ কর্মদিবস। তাই সকাল থেকেই সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসমুখর হয়ে উঠে। প্রিয় এ শিক্ষককে দেওয়া হয় রাজকীয় বিদায়। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পৌঁছে দেওয়া হয় পার্শ্ববর্তী বিধাই গ্রামের বাড়িতে। নতুন জামা কাপড় পরিহিত শিক্ষক সাখাওয়াত হোসেনকে বহন করা ঘোড়ার পেছনে বের হয় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠানের। শিক্ষার্থী ও এলাকাবাসীর দেওয়া এমন বিদায় অনুষ্ঠানে অঝোরে কাঁদতে থাকেন তিনি। নানা স্মৃতি চারণ করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সঙ্গে শুরু থেকেই যুক্ত হন। প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেও ২০১৫ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি পান। পরে ২০২৩ সালে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়।
সাখাওয়াত হোসেন বলেন, ভারমুক্ত হতে পারিনি। ভারপ্রাপ্তের ভার নিয়েই শিক্ষকতা জীবন শেষ করতে হয়েছে। তবে বিদায়ের দিনে আমার প্রতি শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা দেখে সব কষ্ট ভুলে গেছি। একটা জীবনে এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার থাকে না।
তিনি বলেন, ছোট বেলায় স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হবো। হয়েছিলাম। এই শিক্ষকতা পেশাতেই জীবনটা কাটিয়ে দিয়েছি।
এ বিদায় অনুষ্ঠানেই নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন।
