খুলনায় চিকিৎসকদের তিন দাবি, না মানলে কর্মবিরতি
প্রবীণ চিকিৎসক নেতাকে হেনস্তা, জড়িতদের শাস্তি দাবি
খুলনা নগরীর বিএমএ ভবনের সামনে শনিবার সকালে চিকিৎসক সংগঠনের নেতাদের মানববন্ধনের একাংশ। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৮:৫৬
খুলনায় প্রবীণ চিকিৎসক নেতাকে অপদস্থ করা ও বিএনএসবি চক্ষু হাসপাতালে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার আয়োজিত এক মানববন্ধনে তারা তিন দফা দাবি পূরণে ২১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন। তা না হলে জরুরি চিকিৎসা ছাড়া কর্মবিরতির হুঁশিয়ারিও দেওয়া হয় কর্মসূচিতে।
বেলা ১১টায় নগরীর বিএমএ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর লবী। এ সময় তাঁর সঙ্গে আসা বিএনপি নেতারা ড্যাব খুলনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. রফিকুল হক বাবলুকে ফ্যাসিস্টের দোসরসহ নানা গালাগালি করেন। এমনকি শারীরিকভাবে আঘাত করতে তাঁর দিকে তেড়ে যান। মব তৈরি করে তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। তখন সংসদ সদস্য ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন।
ডা. রফিকুল হক বাবলু বিএমএ খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সহসভাপতি। মানববন্ধনে চিকিৎসক নেতারা তাঁর ওপর হামলায় জড়িত বিএনপি নেতা মীর কায়েসেদ আলী, শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, মোল্লা সোহাগ হোসেনের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ছাড়া ডা. বাবলুকে অবিলম্বে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে পুর্নবহাল ও হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের কার্যক্রমে ভবিষৎতে অযাচিত হস্তক্ষেপ স্থায়ীভাবে বন্ধের দাবি তোলেন।
নেতারা বলেন, আগামী ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে খুলনার সব চিকিৎসক একযোগে জরুরি চিকিৎসা ছাড়া কর্মবিরতি পালন করবেন।
খুলনা জেলা ড্যাবের সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে ও মহানগর ড্যাবের সভাপতি ডা. মোস্তফা কামালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. মো. আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. ইনামুল কবীর, ডা. এস এম মাসুদুর রহমান লিমন, অধ্যাপক ডা. এ এইচ এম কামরুজ্জামান, ডা. প্রদীপ কুমার দেবনাথ, ডা. হুমায়রা মুসলিমা বাবলী, অধ্যাপক ডা. আবু সাঈদ, ডা. শহিদুজ্জামান বাবলু, ডা. জহিরুল হক, ডা. শওকাত আলী, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মনিরুজ্জামান লর্ড, ডা. এ এফ এম আশিকুল হক, ডা. আসাদুল্লাহিল গালীব, ডা. বেলাল উদ্দীন, ডা. মুনীর হোসেন, ডা. গাজী শফিকুর রহমান রানা, ডা. শেখ হাফিজুর রহমান, ডা. মিনহাজুর রহমান শোভন, ডা. সাখাওয়াত হোসেন, ডা. আবিদা হোসেন মীম, ডা. অমিত দে, ডা. মিনহাজুল ইসলাম প্রমুখ।
