বগুড়ায় প্রধানমন্ত্রী
প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করব
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৬:৩৮
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ক্ষমতায় গেলে কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হবে। আমি তা করেছি। যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা একে একে বাস্তবায়ন করবো।’
বগুড়ার গাবতলীতে নিজের পৈত্রিক এলাকার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে সোমবার বেলা তিনটায় ফ্যামিলি কার্ড বিতরণের সময় এ কথা বলেন তিনি। এ সময় বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের টাকা পাবে কোথায়? আমরা বলতে চাই, প্রতি বছর আগে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে ওই টাকা দিয়েই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ‘আমি গত ১০ বছর যাবত পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনা আজকে বাস্তবায়ন করতে পারছি। আগামী ৫ বছরে ৪ কোটি পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। এই টাকা দিয়ে নারীরা তাদের সন্তানদের পড়ালেখা করাতে পারবে। ভালো কিছু খাওয়াতে পারবে, জামা কিনে দিতে পারবে।’
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, স্থানীয় নশিপুর ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বাগবাড়ি গ্রামের ৯১১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। তারেক রহমান ১০ জনের হাতে কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া একই মাঠে শিশুদের মাঝে শহীদ জিয়া গ্রাম হাসপাতালের আয়োজনে হাম-রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
