ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্কুলে তালা দেওয়া ৬ নেতাকে আজীবন বহিষ্কার বিএনপির

স্কুলে তালা দেওয়া ৬ নেতাকে আজীবন বহিষ্কার বিএনপির
×

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৬:৪৮

গাজীপুরে দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পণ্ড করার ঘটনায় ৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বুধবার শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মণ্ডল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন– গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার ও সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু, বর্তমান সদস্য আরমান আলী, মাহবুব আলম ও রফিকুল ইসলাম।

গত রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পর দলবল নিয়ে হাজির হন গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আউয়াল ও তাঁর ভাই আরমান আলী, আব্দুল মান্নান মাস্টারসহ ১০-১৫ জন। তারা প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। পরে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় পণ্ড হয়ে যায় বিদায় অনুষ্ঠানটি।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিষয়টি জানার পরপরই ইউনিয়ন বিএনপিকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেই। তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেই। 

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি বলেন, সংসদ সদস্যের নির্দেশে গত সোমবার সন্ধ্যায় আমরা জরুরি সভা আহ্বান করি। সারোয়ার আউয়ালকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা বিএনপির কাছে রেজুলেশন করে পাঠানো হয়। 

উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মণ্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

×