বিল না দেওয়ায় হত্যার হুমকি প্রকৌশলীকে
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১০:০৬
| প্রিন্ট সংস্করণ
ত্রুটিপূর্ণ কাজের বিল দিতে রাজি না হওয়ায় নড়াইল শিক্ষা অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন দুই ঠিকাদার। এ বিষয়ে তাদের নামে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম। যদিও ঠিকাদারদের দাবি, ঘটনা পুরোপুরি সত্য নয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (৩২৩) প্রকল্পের আওতায় নড়াইল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চমতলায় ত্রুটিপূর্ণ সিরামিক ব্রিকসের গাঁথুনি ও দরজার বিল দেওয়া নিয়ে মেসার্স মিরন এন্টারপ্রাইজের প্রতিনিধি এম এম কামরুল আলম উপসহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামকে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন।
জাহিদুল ইসলামের ভাষ্য, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এম এম কামরুল আলম আমাকে ওই নির্মাণাধীন ভবনের ত্রুটিপূর্ণ গাঁথুনি ও তাদের ইচ্ছামতো লাগানো দরজার ফ্রেমের বিল করে দিতে বলেন। আমি ত্রুটিপূর্ণ কাজের বিল করতে না চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন ও প্রাণনাশের হুমকি দেন। পরে বিকেল ৪টা ২০ মিনিটে তাঁর (কামরুল) বড় ভাই ইডেনপ্রাইজের মালিক এম এম রেজাউল আলম ফোনে ওই কাজের বিল দেওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন।’ তিনি অভিযোগ করেন, ওই ঠিকাদারদের ভাগনে হৃদয় বাসায় ঢুকে তাঁর গায়ে হাত দিয়েছেন, নানাভাবে লাঞ্ছিত করেন। এখন জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই প্রকৌশলী।
মিরন এন্টারপ্রাইজের প্রতিনিধি এম এম কামরুল আলম বলেন, ‘ঘটনা পুরোপুরি সত্য না। থানায় আমাদের সঙ্গে কথা হয়েছে। বলছে আমরা বসে মিটমাট করে দিবানি।’ তিনি আরও বলেন, কাজ করতে গেলে অফিসের সঙ্গে কমবেশি মনোমালিন্য হয়।
ইডেনপ্রাইজের মালিক এম এম রেজাউল আলম বলেন, ‘তাঁকে (প্রকৌশলী) কোনো হুমকি দেওয়া হয়নি। আমি হুমকি দেওয়ার মতো মানুষও না। ৬ কোটি টাকার কাজ করছি আমি। পাওনা বিল চেয়েছি।’
নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর শিকদার অভিযোগটির তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করছি। তারা যদি মিটমাট করে নেয় তাহলে ভালো, না হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- হুমকি
