ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিবি পরিচয়ে অপহরণ, চার ডাকাতকে ঘেরাও করে পুলিশে সোপর্দ

ডিবি পরিচয়ে অপহরণ, চার ডাকাতকে ঘেরাও করে পুলিশে সোপর্দ
×

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৭:০৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণ করে যাওয়ার সময় চার ডাকাতকে ঘেরাও করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া এলাকা থেকে তাদের মাইক্রোবাসসহ আটক করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, কোটালীপাড়ার রতাল গ্রামের বাসিন্দা কৃষ্ণ কর্মকার ও শিবশঙ্কর কর্মকার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তারা। সাড়ে ৮টার দিকে সিকিরবাজারে পৌঁছালে মাইক্রোবাসে করে আসা চার ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। 

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা আশপাশের এলাকায় যোগাযোগ করেন। ডাকাত দলের গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিকে পালাতে থাকে। এ সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের লোকজন পয়সারহাটের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তারা মাইক্রোবাসের গতিরোধ করলে দিক বদলে ডাকাতেরা রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে যায়। সাড়ে ১০টার দিকে ওই এলাকায় প্রতিরোধ করে তাদের আটক করা হয়। 

আটক ডাকাতেরা হলো– বরিশালের উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের ইলিয়াছ (৩২), পারভেজ (৩৩) ও বরগুনা জেলার বামনা উপজেলার জহির (৩৮)। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইসগেটের পাশ থেকে র‍্যাবের পোশাক, হাতকড়া ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। 

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে কৃষ্ণ কর্মকার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাকাতদের এতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 
 

আরও পড়ুন

×