সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৪:৫৩ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১৫:০১
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খানজিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাদকদ্রব্য খানজিয়া গ্রামের কামাল হোসেনের এবং নলতা গ্রামের ইমরান হোসেনের বাড়িতে আছে—এমন খবর পেয়ে সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানির একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ১৫৬২ বোতল উইন কোরেক্স এবং ৮৯ বোতল স্কাফসহ সর্বমোট ১,৬৪৯ বোতল উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- মাদকবিরোধী অভিযান
