এবার প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, দেবীগঞ্জে যুবক গ্রেপ্তার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ২০:০১
পঞ্চগড়ের দেবীগঞ্জে এবার পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজ শনিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ একটি থানায় মামলা দায়ের করেন। তবে এর আগেই গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দেবীগঞ্জ উপজেলা সদরের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করে আপত্তিকর মন্তব্য করেন। এরপর পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিকমাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীর শাস্তি দাবি করছি।
দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, সামাজিকমাধ্যমে পোস্ট ছড়িয়ে পরলে শুক্রবার রাতেই এক ব্যক্তি নিশাতের বিরুদ্ধে থাকায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার সকালে সাইবার সুরক্ষা আইনে মামলাটি রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
- বিষয় :
- পঞ্চগড়
