ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চট্টগ্রামে ১১ দলের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চট্টগ্রামে ১১ দলের মিছিল
×

১১ দলীয় ঐক্য জোটের মিছিল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ২৩:৪২

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্য। শনিবার নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও অধরা। গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখজনক। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ জনগণের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। এর পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, ছাত্রদল-যুবদল যেভাবে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদের ওপর রামদা নিয়ে হামলা চালিয়েছে, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে; এতে মনে হয়, ছাত্রদল বিএনপি সরকারকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে।

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক ও মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদুয়ানুল ওয়াহেদ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক জোবায়ের হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস।

আরও পড়ুন

×