বন্য হাতির মৃত্যু, শোকে কাতর সঙ্গী দাঁড়িয়ে পাশে
মৃত পুরুষ হাতির পাশে দাঁড়িয়ে নারী হাতি। ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২১:৫৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ২২:১২
নিথর দেহটি পড়ে আছে মাটিতে। তাকে ঘিরে এক বিষণ্ন প্রহরায় দাঁড়িয়ে আছে তার দীর্ঘদিনের জীবনসঙ্গিনী। রাঙামাটির লংগদুর গহিন অরণ্যে আজ রোববার সকালে দেখা গেল এমনই এক শোকাতুর দৃশ্য। প্রায় ৬০ বছর বয়সী এক পুরুষ হাতি মারা গেলেও তার সঙ্গিনী তাকে ছেড়ে যেতে নারাজ। কেউ মরদেহের কাছে যাওয়ার চেষ্টা করলেই তেড়ে আসছে সে।
লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকার পকসাপাড়ায় আজ সকালে যখন বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা পৌঁছান, তখন তারা এই হৃদয়বিদারক দৃশ্য দেখেন। মৃত পুরুষ হাতিটির পাশে ঠায় দাঁড়িয়ে আছে সঙ্গী হাতিটি। এই কারণে অনেক চেষ্টা করেও বন বিভাগ মরদেহের কাছে ঘেঁষতে পারেনি।
এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য জয়নাল বলেন, ‘সকালে আমি হাতিটির অবস্থা পর্যবেক্ষণে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত বন বিভাগকে খবর দিই। মৃত হাতিটির কাছে যাওয়া যাচ্ছে না। পাশে হাতির সঙ্গী দাঁড়িয়ে আছে। লোকজন দেখলে সে তেড়ে আসছে।’
নিহত হাতিটি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিল। একে বাঁচাতে বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। কাছালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজী বলেন, ‘হাতিটি অসুস্থ ছিল। শরীরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল। এ ছাড়া শারীরিকভাবে দুর্বল ছিল। বেশ কয়েক দফায় চিকিৎসাও দেওয়া হয়েছিল। বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেছে হাতিটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে।’
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার রাতে হাতিটি মারা গেছে। মৃত হাতিটি পুরুষ। বয়স প্রায় ৬০ বছর হবে। এটি ওই এলাকায় সবচেয়ে বড় বয়স্ক পুরুষ হাতি। তার সঙ্গে সব সময় একটা নারী হাতি থাকত, এখনও মৃত দেহের পাশে সেই নারী হাতিটি রয়েছে। হাতিটির মরদেহ উদ্ধার করতে পারলে ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।
হাতিটির চিকিৎসা সেবা দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের চিকিৎসক বিবেক চন্দ্র সূত্রধর। তিনি বলেন, হাতিটির বুকে দুটি ক্ষত এবং বাঁ পায়ের জয়েন্টে বেশি ক্ষত ছিল। শরীরের ক্ষত ভালো করা যেত, কিন্তু পায়ের ক্ষত বেশি হওয়ার কারণে ভালো হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম।
সিভাসুর মেডিসিন অনুষদের ডিন গৌতম কুমার দেবনাথের মতে, বন্য হাতি সচরাচর ৬০-৭০ বছর পর্যন্ত বাঁচে। সর্বোচ্চ ৮০ বছর পর্যন্ত বাঁচতে দেখা যায়।
সঙ্গী হাতিটি পাশে অবস্থান করায় বন বিভাগকে মরদেহ উদ্ধারে অপেক্ষা করতে হচ্ছে। পাবলাখলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘হাতিটির মৃত্যুর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মৃত হাতিটির পাশে একটি নারী হাতি দাঁড়িয়ে থাকার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না।’
- বিষয় :
- রাঙামাটি
- হাতির মৃত্যু