ফুলপুরে জমির বিরোধে কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন
আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি-সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:০৭
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া। পাশাপাশি তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে ফুলপুরে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জুলহাস বাদী হয়ে ফুলপুর থানায় এ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।
- বিষয় :
- আদালত
- বিচারক
- মৃত্যুদণ্ড
- যাবজ্জীবন কারাদণ্ড
- হত্যা
