ঈশ্বরদীতে বিদেশিদের সঙ্গে ঘুরতে বের হওয়া তিন তরুণীকে অপহরণ, পরে মুক্তি
প্রতীকী ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৯:২১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ২০:০২
পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশিদের সঙ্গে অটোরিকশায় ঘুরতে বের হওয়া তিন তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। অপহরণের এক ঘণ্টা পর তাদের মুক্তি দেয় দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাশিয়ার কয়েক নাগরিক পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই তিন তরুণীকে নিয়ে একটি অটোরিকশায় ঘুরে বেড়াচ্ছিলেন। তারা শহর থেকে গ্রিন সিটি এলাকার দিকে যাওয়ার পথে একদল যুবক অটোরিকশার গতিরোধ করেন। তারা ওই তরুণীদের গাড়ি থেকে নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং জোরপূর্বক অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রায় এক ঘণ্টা পর রাত ১১টার দিকে ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হন। তারা পুলিশকে জানান, তাদের কোনো ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে, মোবাইল ফোনও ফেরত দিয়েছেন। কী কারণে তাদের এভাবে অপহরণ এবং ছেড়ে দেওয়া হয় তা তারা বুঝতে পারছেন না। অপহরণকারী যুবকদের পরিচয়ও জানেন না তারা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, খবর পেয়ে অপহৃত তরুণীদের উদ্ধারে তৎপর হন তারা। বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়ার সময়ে তিন তরুণী থানায় উপস্থিত হন। তারা জানান, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত পেয়েছেন। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দাখিল করতেও রাজি হননি।
ওসি বলেন, নিরাপত্তার স্বার্থে তরুণীদের পরিচয় গোপন রাখা হয়েছে। আরও তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
