ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৃষ্টিতে জলাবদ্ধ কুমিল্লা নগরী, বিদ্যুৎবিহীন কেন্দ্রে বিকল্প উপায়ে এসএসসি পরীক্ষা

বৃষ্টিতে জলাবদ্ধ কুমিল্লা নগরী, বিদ্যুৎবিহীন কেন্দ্রে বিকল্প উপায়ে এসএসসি পরীক্ষা
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ২১:১৯

বৈশাখের প্রথম ভারি বর্ষণে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। হাটু পানি উঠেছে নিচু এলাকার বাসাবাড়িতে। এমনকি কুমিল্লা শিক্ষা বোর্ডসহ বেশ কিছু সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গন পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমনকি ঝড়-বৃষ্টির কারণে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিকল্প উপায়ে মোমবাতি ও চার্জ লাইট দিয়ে পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঝড়-বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

সরেজমিনে দেখা যায়, নগরীতে দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা আবর্জনায় ভরা খাল খনন না করায় সামান্য বৃষ্টিতেই নগরীতে পানি জমে রাস্তা ঘাট তলিয়ে যায়। নগরীর ঠাকুরপাড়া, বাগানবাড়ি, রেইসকোর্স, মুরাদপুর, মনোহরপুর, বিসিক এলাকা, রানীর বাজার, চকবাজার, মৌলভী পাড়া, রাজগঞ্জ, আদালত পাড়া, হাউজিং এস্টেট, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, দক্ষিণ ও উত্তর চর্থা, জেনারেল হাসপাতাল রোড, পুরাতন ও নতুন চৌধুরী পাড়া, ধর্মপুর, তালপুকুর পাড়, ঝাউতলা, ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস এলাকাসহ নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। নিচু এলাকার অনেক বাসা বাড়িতে পানি উঠে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নাগরিকরা।
 
নগরীর প্রাণ কেন্দ্র জিলা স্কুল ও স্টেডিয়াম মার্কেট এলাকায় পানিতে সড়ক উপচে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ডুকে ইলেকট্রনিক্স মালামাল ভিজে নষ্ট হয়। স্টেডিয়াম মার্কেট এলাকার ইলেক্টনিক্স ব্যবসায়ী আবদুল করিম বলেন, সকালের বৃষ্টিতে দোকানের ভেতরে পানি ঢুকে পড়ে। এতে আমার ১৫ থেকে ২০ লাখ টাকার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।  

এদিকে নগরীর এসএসসি পরীক্ষা কেন্দ্রে হঠাৎ বিদ্যুৎ চলে যাওযায় ইংরেজি ২য় পত্র পরীক্ষায় লিখতে গিয়ে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। এ সময় অনেক অভিভাবক কেন্দ্রে চার্জলাইট ও মোমবাতি নিয়ে ছুটে যান। নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বিকালে সমকালকে বলেন, এ কেন্দ্রে ১৮টি কক্ষের মধ্যে ভবনের নিচ তলায় থাকা ২টি কক্ষে যতক্ষণ বিদ্যুৎ ছিল না, ততক্ষণ মোমবাতি ও চার্জ লাইট দিয়ে পরীক্ষা নেওয়া হয়। তবে ভবনের ওপরের তলায় পরীক্ষার্থীদের বড় কোন সমস্যা হয়নি।
 
সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে দেখা যায় বোর্ড চত্বর এলাকা পানিতে তলিয়ে গেছে। বোর্ড অভ্যন্তরের আবাসিক এলাকার রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত। এ সময় শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম সমকালকে বলেন, সড়ক থেকে বোর্ড ভবন অনেক নিচুতে। এছাড়া বোর্ড অভ্যন্তরের পুকুরটি আজ পানিতে টইটম্বুর হয়ে যায়। পাশে ড্রেনেজ ব্যবস্থা তেমন ভালো না। তাই দ্রুত গতিতে পানি সরে না যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। 

তিনি বলেন, মঙ্গলবার অনেক কেন্দ্রে ঝড় বৃষ্টির কারণে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে বিকল্প উপায়ে পরীক্ষা চালিয়ে নেয়া হয়। তবে এসএসসি পরীক্ষার অধিকাংশ বিষয় এখনও অবশিষ্ট থাকায় সামনে আরও ব্যাপক প্রস্তুতি রাখতে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতি বৃষ্টিতে ড্রেন ও খালে পানিপ্রবাহ ধীর গতির কারণে নগরীর বেশ কিছু রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে নগরবাসীর কিছুটা ভোগান্তিতে হয়। তবে পানি অপসারণে তিনি নিজেই রাস্তায় নেমে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

×