সাভারে সাংবাদিকের ওপর হামলা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার সাভারে সাংবাদিকের ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
ঢাকার সাভারে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার সাভার মডেল থানার সামনে এ কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক। এরপর এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেন তারা।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তাঁর লোকজন। এই ঘটনা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
৭২ ঘণ্টার মধ্যে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থার দাবি জানান সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
- বিষয় :
- মানববন্ধন
