সাইকেলে স্কুলে এসে লুটিয়ে পড়ল অনুপমা, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু
ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৭:৫৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১৮:৫১
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩)। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনুপমা উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অনুপমা রায় প্রতিদিনের মতো সকালে বাইসাইকেলে করে স্কুলে আসে। স্কুল প্রাঙ্গণে এসে সাইকেল থেকে নামার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তবে ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।'
- বিষয় :
- পঞ্চগড়
- শিক্ষার্থী
