ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোলাহাটে তেল পাচারচেষ্টা, গ্রেপ্তার ২ 

ভোলাহাটে তেল পাচারচেষ্টা, গ্রেপ্তার ২ 
×

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৮:১৮


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গভীর রাতে ট্যাঙ্কলরি থেকে জ্বালানি তেল পাচারের চেষ্টার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পাম্প মালিকের ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানায়, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন মজু এবং পাম্পের ম্যানেজার হৃদয়কে তেল পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৭ এপ্রিল গভীর রাতে ফলিমারি বিলের হিরো ভাটার সামনে একটি নামবিহীন ট্যাঙ্কলরি থেকে তেল পাচারের সময় পুলিশ আটকে দেয়। এ সময় একটি তেলবাহী গাড়ি, একটি নছিমন, চারটি ট্রলি, দুটি চার্জার ভ্যানসহ বিপুল পরিমাণ ড্রাম ও জারিকেন জব্দ করা হয়। 

এদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার সকালে স্থানীয়দের উদ্যোগে মেডিকেল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তেল পাচারের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জোহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রহমত আলী, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন আইয়ুবি, সাবেক সাধারণ সম্পাদক বারিউল ইসলাম, সাবেক সভাপতি মাসুদ রানা, উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানাসহ অনেকে। 

বক্তারা কৃষকদের স্বার্থে ভোলাহাট পাম্পে নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ নিশ্চিত করারও দাবি জানান।

আরও পড়ুন

×