ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রূপপুরের বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে পর্যটনের সম্ভাবনা

রূপপুরের বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে পর্যটনের সম্ভাবনা
×

ছবি: সমকাল

এবিএম ফজলুর রহমান, পাবনা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ২১:৪০

প্রতিদিন অন্তত এক থেকে দেড় হাজার মানুষ দেশের একমাত্র পারমাণবিক প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ দেখতে আসেন। কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) জোন হওয়ায় তাদের সে স্বপ্ন পূরণ হয় না। অনেকে দূর থেকে বা লালন শাহ সেতু থেকে এই প্রকল্পটি দেখেন, ছবি তোলেন। কেউ ভিডিও রিলস আকারে ইউটিউবে আপলোড করেন। এই প্রকল্প দেখতে আসা অনেকেই এখানে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন।

দর্শনার্থীরা জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। বৃটিশ আমল থেকে রেলওয়ের আঞ্চলিক সদর দপ্ত‌র এখানে ছিল। ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেনে এসে অনেকে অফিস করতেন। রেলের কদর দিন দিন বাড়লেও কর্মকর্তাদের সুবিধা কমে আসছে। এখন আর কমিউটার ট্রেন চালু নেই।

এ ছাড়া পদ্মা নদীর উপর ১১১ বছরের প্রাচীন হার্ডিঞ্জ ব্রিজ ও ২৪ বছরের লালন শাহ সেতু রয়েছে। দুই থেকে তিনশ বছরের বিভিন্ন ধরনের বৃক্ষ পাকশীকে করেছে আরও সমৃদ্ধ। প্রকৃতির অপরুপ সৌন্দর্যমণ্ডিত প্রাচীন নিদর্শন পাকশী এলাকা দেখতে অনেকেই এখানে আসেন। কিন্তু দিন এসে তাদের দিনেই ফিরতে হয়। সরকারি ও বেসরকারিভাবে এখানে কোনও হোটেল-মোটেল গড়ে উঠেনি। এতে করে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে ও মানুষ প্রাকৃতিক আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বেড়াতে আসা লিমন হোসেনের স্ত্রী সুমাইয়ার খাতুন সমকালকে বলেন, আজ (বুধবার) আমার মেয়ের জন্মদিন। তাই আমরা চেয়েছিলাম। নৌকায় কেক কাটবো এবং সারাদিন ঘুরবো। কিন্তু নৌকায় কেক কাটার পর পাকশী এসে ঘুরলাম। রূপপুরের রূপ বাইরে থেকে দেখলাম, কিন্তু ভেতরে ঢোকা তো দূরের কথা সামনে যেতে পারিনি। অন্যান্য সুন্দর স্থান ঘুরলাম। ভাবছিলাম আজ থাকব। কিন্তু থাকার কোনও জায়গা না থাকায় চলে যেতে হচ্ছে।

পাবনা শহরের দিলালপুরের মিতা খাতুন সমকালকে বলেন, আমরা প্রায়ই বেড়াই কিন্তু রূপপুরের আশপাশে ভালো কোনও খাওয়ার হোটেল নেই। তাই কুষ্টিয়া অথবা গ্রীনসিটি গিয়ে খেতে হয়। গ্রীনসিটির হোটেলের খাবারের দাম অনেক বেশি। তিনি রূপপুরের পাশপাশে পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানান।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বাদশা বিশ্বাস সমকালকে বলেন, আমরা রূপপুরের আশপাশে অথবা পাকশীতে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আমরা এই বিষয়ে আরো জোরালো ভূমিকা রাখব।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, আমি জেলায় নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে সরকারি আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।

মঙ্গলবার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এরপর নানা ধাপ পেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আগামী বছর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে রূপপুরের প্রথম ইউনিট। এর মাধ্যমে পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক দেশের তালিকায় ৩৩তম দেশ হলো বাংলাদেশ।

আরও পড়ুন

×