ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুষ্টিয়ায় শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
×

গ্রেপ্তার রাজীব মিস্ত্রি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৮:১৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান শামীম হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রাজীব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের গাজী মিস্ত্রির ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ ও র‍্যাব-৫-এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের ‘নাসিম হেয়ার ড্রেসার’ নামক একটি সেলুনের সামনে অভিযান চালায়। সেখান থেকেই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, শামীম হত্যা মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। মামলার আসামিদের ধরতে তৎপর হয়। গত ১১ এপ্রিল হত্যাকাণ্ডের পর থেকেই রাজীব পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে পাবনায় আত্মগোপন করেন। পরে রাজশাহীতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। ধরাছোঁয়ার বাইরে থাকতে তিনি একাধিক সিম কার্ড ব্যবহার করতেন এবং নিজের ফোন এড়িয়ে অন্যের ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা জানতে পারেন আসামি রাজীব মিস্ত্রি রাজশাহী গোদাগাড়ির থানা রোডের একটি সেলুনের সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে তিনি চুল কাটাতে গেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ও ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজীব মিস্ত্রিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার দৌলতপুর থানায় হস্তান্তর করার পর তাকে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, দরবারে হামলা ও দরবার প্রধান শামীম হত্যা মামলার অন্যতম আলোচিত আসামি ছিলেন রাজীব মিস্ত্রি। শামীম হত্যার ঘটনার দিন দরবারে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেছে একটি নীল টি-শার্ট পরে রাজীব মিস্ত্রিকে সর্বপ্রথম দরবার প্রধান শামীমের ওপর চড়াও ও আঘাত করতে দেখা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী মোর্তজা বলেন, রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট ৪ জন গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৬ এপ্রিল বিপ্লব হোসেন ও আলিফ ইসলাম এবং ২৭ এপ্রিল রাতে আলমগীর হোসেন নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে গত ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে হামলা চালায়। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও দরবার প্রধান শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×