মাজারের দানবাক্সে দেড় লাখ টাকা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
বাঘায় হজরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহ.) মাজারের তালা খুলে গণনায় মিলল প্রায় দেড় লাখ টাকা। ‘মাজারে টাকার স্তূপ, বৃষ্টিতে নষ্টের শঙ্কা’ শিরোনামে গত বৃহস্পতিবার সমকালে সংবাদ প্রকাশ হয়। পরে ওইদিনই মাজারের তালা খুলে ভেতর থেকে টাকা সংগ্রহ করে গণনা শুরু করে কমিটি। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা গণনা শেষে মেলে এক লাখ ৪৬ হাজার ৯০০ টাকা।
সমকালে প্রকাশিত ওই সংবাদে বলা হয়, দানবাক্স উপচে টাকা পড়ে আছে। বৃষ্টির পানিতে টাকা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ওয়াক্ফ এস্টেট উপদেষ্টা কমিটির সদস্য সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রইশ বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওয়াক্ফ কমিটির সহসভাপতির প্রতিনিধি এবং আমার প্রতিনিধির উপস্থিতিতে মাজারের তালা খুলে টাকাগুলো সংগ্রহ করা হয় এবং তাদের মাধ্যমে গণনা শেষে এক লাখ ৪৬ হাজার ৯০০ টাকা পাওয়া গেছে। গণনায় সবচেয়ে বেশি পাওয়া গেছে ১০ টাকার নোট। এই টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমার মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, সংগৃহীত অর্থ মাজারের রক্ষণাবেক্ষণ, এতিমদের সহায়তা এবং দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে ব্যয় করা হয়। নিয়মিত হিসাব নিরীক্ষার মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া হবে। বৃহস্পতিবার দানবাক্স খোলা হয়নি জানিয়ে তিনি বলেন, দেড় মাস আগে মাজারের ভেতর থেকে ৭১ হাজার ৫৩ টাকা সংগ্রহ করা হয়েছিল এবং দানবাক্স থেকে পাওয়া গেছে ৫৭ হাজার ৪১ টাকা।
ইউএনও ও ওয়াক্ফ কমিটির সহসভাপতি শাম্মী আক্তার বলেন, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে কমিটিকে নিয়মিত গণনার নির্দেশ দেওয়া হয়েছে।
- বিষয় :
- মাজার
