ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাত্রদলের কমিটি বাতিল দাবি করে সড়ক অবরোধ

ছাত্রদলের কমিটি বাতিল দাবি করে সড়ক অবরোধ
×

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। রোববার সকালে কাঁঠালতলীতে। ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১১:০৮

রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে অপহরণকারী, চাঁদাবাজ, বিবাহিত ও অছাত্রদের জায়গা দেওয়া হয়েছে। এমন অভিযোগ  তুলেছেন পদবঞ্চিত নেতারা। নতুন কমিটি বাতিলের দাবিতে তারা গতকাল রোববার শহরে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। 

অবরোধের কারণে শহরের কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে নানা স্লোগান দেন। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি তোলেন। জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব ও পার্বত্যমন্ত্রীর আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। অপহরণকারী, চাঁদাবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় নেতারা। এই কমিটিকে ‘পকেট কমিটি’ উল্লেখ করে তারা বলেন, টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটির কথা জানানো হয়। এই কমিটির সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, ‘দীর্ঘ আট বছর পর এ জেলা কমিটি পেয়েছি। সবারই চাওয়া-পাওয়া ছিল। সবাই আন্দোলন-সংগ্রাম করেছেন। তবে আংশিক কমিটি হওয়ায় পদবঞ্চিতদের মূল্যায়নের সুযোগ হয়নি। যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।’ নতুন কমিটির সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসেবে উল্লেখ করেন তিনি। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, ‘নতুন কমিটিতে পদ না পেয়ে বঞ্চিতরা সড়ক অবরোধ করেছেন। আমরা আন্দোলনকারীদের অনুরোধ করেছি সড়ক অবরোধের কারণে জনগণের ভোগান্তি না বাড়াতে। তা তারা মেনে নিয়েছেন।’ 

আরও পড়ুন

×