ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আগ্রাবাদে একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

আগ্রাবাদে একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা
×

ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েকশ গ্রাহক মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:৩৬ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১২:৫৭

চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েকশ গ্রাহক মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। এরপর তারা ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা দেন। এসময় প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

আমানতকারীরা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিলও করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি শাখার আমানতকারী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা ব্যাংকে রেখে কি অপরাধ করেছি? আমার টাকা আমি ফেরত নেব, তাতে আবার হেয়ার কাট কিসের? আমাদের টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোনো তালবাহানা চলবে না।'

ব্যবসায়ী নুরুল আমিন  বলেন, গ্লোবাল ইসলামী ব্যাংকে আমার অর্ধকোটি টাকা আটকে আছে। তারা এক টাকাও দিচ্ছে না। ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, আমরা নিয়ম অনুযায়ী সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছি। এখন শাখায় শাখায় তালা দেওয়ার কর্মসূচি চলছে। সামনে বড় আন্দোলন কর্মসূচি আসবে। এভাবে আমাদের কষ্টের টাকা বেহাত হতে দেব না।
 

আরও পড়ুন

×