দুদকের অভিযান
দুর্নীতির অভিযোগে শাহজাদপুরের পিআইও গ্রেপ্তার
দুদকের হাতে গ্রেপ্তার পিআইও আবুল কালাম আজাদ।
সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৫:৩৮ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৫:৪৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
দুদক সূত্রে জানা যায়, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ৮ মে তার, তার স্ত্রী মর্জিনা খাতুন এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের নামে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩ জুলাই তারা দুদকে সম্পদ বিবরণী জমা দেন।
পরবর্তীতে ২০২৫ সালের ১১ মার্চ দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আবুল কালাম আজাদ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া তার স্ত্রী মর্জিনা খাতুনের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়। অন্যদিকে ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে বাবার অবৈধ ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগদখলের অভিযোগ রয়েছে।
রোববার রাতে পাবনা সদর উপজেলার নিজ বাসায় অভিযান চালিয়ে দুদকের একটি দল আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
দুদকের সহকারী সাধনচন্দ্র সূত্রধর মুঠোফোনে বলেন, রোববার রাতে পিআইও আবুল কালাম আজাদের পাবনা সদরের নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটকের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পিআইও কালামের বিরুদ্ধে আরো তিনটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
