বন্ধ দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
উচ্চ আদালতের আদেশ অমান্য করে সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের বন্ধ করে দেওয়া দোকানগুলো অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গত রোববার মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এদিকে শিগগিরই দোকানগুলো খুলে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতারা।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী, সহসভাপতি আক্তার হোসেন সুহেল, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব আহমদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সিলেটের জেলা প্রশাসক বেআইনিভাবে গত ২৬ মার্চ থেকে দোকানগুলো তালাবদ্ধ করে রেখেছেন। অথচ এ বিষয়ে উচ্চ আদালতের স্পস্ট নির্দেশনা রয়েছে। তা তিনি মানেননি। মসজিদ মার্কেটের সাতটি দোকান বন্ধ করে দেওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, সিলেটের জেলা প্রশাসনের মালিকানাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ও বাংলাদেশ ওভারসিজ সেন্টার ভবন ছাড়াও সিলেট স্টেডিয়াম এলাকার আড়াইশ দোকান রয়েছে। সম্প্রতি ওইসব মার্কেট ও দোকানের বন্দোবস্ত বাতিল করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। মার্চের শুরুতে তিনি ওভারসিজ সেন্টার সিলগালা করার পর ২৬ মার্চ মসজিদ মার্কেটের দোকানগুলোও সিলগালা করে দেন।
- বিষয় :
- দাবি
