কর সহজীকরণে জোর, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির তাগিদ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৫:১৬
করের আওতা বৃদ্ধি, ন্যূনতম কর ব্যবস্থা বিলোপ, কর প্রশাসনের ডিজিটালাইজেশন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগকে অর্থবিল ২০২৬-এর গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ী ও কর বিশেষজ্ঞরা। তবে এসব উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য কার্যকর নীতি-ধারাবাহিকতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সোমবার বিকালে নগরের রেডিসন ব্লু চট্টগ্রামে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড আয়োজিত ‘অর্থবিল ২০২৬’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব মতামত দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক স্নেহাশীষ বড়ুয়া। তিনি বলেন, প্রস্তাবিত অর্থবিলে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর হারে পরিবর্তন, স্টার্টআপ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রণোদনা সম্প্রসারণ, উৎসে কর ব্যবস্থার যৌক্তিকীকরণ এবং সমন্বয়যোগ্য অগ্রিম কর ক্রেডিটের মাধ্যমে রিফান্ড প্রক্রিয়া সহজ করার মতো বিষয়গুলো এ বিলে অন্তর্ভুক্ত রয়েছে।
আলোচনায় থাইল্যান্ডের চট্টগ্রামস্থ অনারারি কনসাল ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসায়ীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি অর্থবিলে ঘোষিত সুবিধাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা পরিচালনার জটিলতা ও ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন।
সেনসিভ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মইনুল ইসলাম মাহমুদ বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজস্ব নীতিকে আরও দূরদর্শী করা প্রয়োজন। বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে অর্থবিলের ইতিবাচক প্রভাব আরও বিস্তৃত হবে।
কর কমিশনার সাধন কুমার রায় বলেন, কর বিধান সহজ ও বোধগম্য হলে করদাতাদের অংশগ্রহণ বাড়বে। কর সংস্কৃতির বিকাশ এবং স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করার মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করা সম্ভব।
সেমিনারে বক্তারা বলেন, কর, ভ্যাট ও শুল্ক ব্যবস্থায় ভারসাম্য বজায় রেখে রাজস্ব আহরণ ও ব্যবসা সম্প্রসারণ—উভয় লক্ষ্যই অর্জন করতে হবে। অর্থবিল ২০২৬ এ লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক জেরিন মাহমুদ হোসেন। সমাপনী বক্তব্য দেন সুকান্ত ভট্টাচার্য।
- বিষয় :
- কর
