ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চবিতে ছাত্রলীগবিরোধী বিক্ষোভ ছাত্রদল-শিবিরের

চবিতে ছাত্রলীগবিরোধী বিক্ষোভ ছাত্রদল-শিবিরের
×

ছবি : সমকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৫:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতার অভিযোগ এনে পৃথক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদল জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সোহরাওয়ার্দী মোড় ঘুরে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিরোধের ঘোষণা দেন। ছাত্রদল নেতারা দাবি করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্বেগ তৈরি হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড শিক্ষা পরিবেশের জন্য ক্ষতিকর।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ও সাম্প্রতিক কার্যক্রম ঘিরে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ছাত্রদল কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা মেনে নেবে না।

সমাবেশে চাকসুর এজিএস ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ছাত্রলীগকে প্রতিহত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল প্রস্তুত আছে। ক্যাম্পাসে তাদের কোনো ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না।

ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন বলেন, যেসব সংগঠনকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের কোনো কার্যক্রম ক্যাম্পাসে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ে আরেকটি কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা সোহরাওয়ার্দী হল এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করেন। এসময় ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পাসে ছাত্রলীগের একটি মোটরসাইকেল শোডাউনের ভিডিও ছড়িয়ে পড়ে। পরে রাতে পৃথকভাবে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মসূচি পালন করে।

এ ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুন

×