ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সপ্তাহব্যাপী গাছের চারা রোপণ

সপ্তাহব্যাপী গাছের চারা রোপণ
×

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ করেন সুহৃদরা

খায়রুল ইসলাম

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৬:৫৯

| প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ নিয়ে যখন সারাবিশ্ব উন্মাদনায় ভাসছে, তখন এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে। ঈশ্বরদীর সুহৃদ খায়রুল ইসলাম সবুজের উদ্যোগে সপ্তাহজুড়ে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ চত্বর, মার্কেট ও আশপাশের যেসব জায়গায় গাছ নেই সেসব জায়গা খুঁজে খুঁজে আম, জাম, কাঁঠাল, কাঠবাদাম, তেঁতুল, পেয়ারাসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।  
দাশুড়িয়ার বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও আগ্রহী ব্যক্তিদের বিনামূল্যে বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয়।
এ সময় ওই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্বটংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, জ্যেষ্ঠ শিক্ষক মাজেদুল ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামিলপুর জামে মসজিদের ইমাম কবিরুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে দাদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ শামিলপুর জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় কৃষকরা অংশ নেন। 
আয়োজনের অন্যতম উদ্যোক্তা সুহৃদ সদস্য খায়রুল ইসলাম বলেন, ‘সবাই যখন বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে ব্যস্ত, তখন আমার মনে হয়েছে এই উন্মাদনাকে মনে রাখতে বিশ্বকাপের স্মৃতি হিসেবে কিছু বৃক্ষ রোপণ করে সময়টাকে স্মরণীয় করে রাখা যেতে পারে। সে চিন্তা থেকেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।’ দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘সমকাল সুহৃদ সমাবেশ সারাবছর বৃক্ষরোপণসহ নানা সামাজিক কাজ করে থাকে; যা আমরা নানাভাবে জানতে পারি। কিন্তু বিশ্বকাপ ফুটবল নিয়েও যে বৃক্ষ রোপণ করা যেতে পারে তা সুহৃদ সমাবেশের এই উদ্যোগে আমরা বুঝতে পারলাম। উপলক্ষ যাই হোক, সুহৃদদের ভালো কাজের সঙ্গে থাকতে হবে। বৃক্ষরোপণ অব্যাহত রাখতে হবে।’
সুহৃদ সভাপতি আর.কে. বাবু বলেন, ‘অনেক সময় ছোটদের বুদ্ধি থেকেও ভালো কিছু কাজ হয়, সুহৃদ সদস্য খায়রুল ইসলামের সে চিন্তা থেকেই এ আয়োজন সম্ভব হয়েছে। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব।’ 
সুহৃদ, ঈশ্বরদী   
 

আরও পড়ুন

×