ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঝিরিঝিরি বৃষ্টি ঝরে

ঝিরিঝিরি বৃষ্টি ঝরে
×

অলংকরণ:: সাফায়েত সাগর

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৭:০০

| প্রিন্ট সংস্করণ

কদম­-ঝরা দিন
আসাদুজ্জামান খান মুকুল

আকাশে ঝিরিঝিরি বৃষ্টি ঝরে,
বাতাসে কদম আর কামিনীর গন্ধে ভরে আছে চারদিক,
কথা ছিল আষাঢ়ের প্রথম প্রহরে তুমি আসবে,
হাতে থাকবে একগুচ্ছ কদম।
বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে,
তুমি আর আসো না।
ফোনটা হাতে রেখেই আঙুলে অবশতা নেমে আসে,
বুকের ভেতর জন্ম নেয় এক গভীর শূন্যতা।
ঘরে আর থাকা হয় না,
ব্যাকুল হৃদয়ে আমি চলে আসি সেই কদমতলায়,
ঝরে পড়া ফুল কাদার সঙ্গে মিশে কেমন নিশ্চুপ হয়ে আছে,
প্রকৃতি তার নিয়ম ভোলে না।
যে কদমফুল তোমার হাতে এসে পৌঁছানোর কথা ছিল,
সন্ধ্যার আগেই চুপিচুপি সেটি ঝরে পড়ে নীরবে আমার পায়ের কাছে‌।
চারপাশে নেমে আসে স্তব্ধতার ভার!
চোখের জল আর বৃষ্টিধারা এক স্রোতে মিশে যায়।
 

 

হৃদিতা 
মাসুম হাসান

চুপিচুপি করে যেন লুকোচুরি
লজ্জানত তোমার দুটি আঁখি, 
চপলা তরুণী যাও চুপিসারে 
এলো চুলে আনমনে–
অধরে হাসিমাখা নিভৃত স্মরণে।
ভাবনার আকাশে তুমি শুধু তুমি– 
এ হৃদয়ে আঁকা সে তোমারি ছবি, 
বলি–ভালোবাসা কাকে বলে
ভালোবেসে শেখাব তোমাকে
সুখের নহরে ভাসাব হৃদয়, 
আমি জানি–তুমি আমার
জনম জনমে শুধুই আমার
তুমি আর কারও নও,
তুমি আমার নির্ঝর কবিতা–
লাল টুকটুক সোনা বউ 
বুকের গহিনে একা একা কথা কও। 
 

 

ফেরার ডাক
এমডি জিয়াবুল

বাঁধলি রে ঘর ভাঙন কূলে
দেখ্-রে ভরা বান!
তরঙ্গে তোর ঘরখানা দেখ্
দিচ্ছে ধরে টান। 

ওই চেয়ে দেখ্ মেঘ ঝর্ঝর
শন শনাশন শন,
দুলছে গিরি ফুসলো সিন্ধু
দুলছে খাঁড়ির বন।

ভাঙন কূলের ও মাঝি তুই
নোঙর খানা তোল্,
ভাঙনধরায় তোর দুলালীর
কে শুনিবে বোল?

হাঁক দিয়ে দেখ্ তোর তরণী
ডুবছে অথৈজল!
পায় পিষে দে ওরে পাগলা
ব্যথার সিন্ধুতল।

কাঁপন ধরা তোর দুলালীর
উঠছে মরণ তান,
দে ছুড়ে তোর মরণ-বীণা
তোল বিজয়ের গান।
 

 

অতৃপ্ত অভিনন্দন 
বজলুর রশীদ

কিছু স্মৃতি সব সময় সচল থাকে
জীবন সায়াহ্নে এসে ভাবায়,
অন্তহীন ভাবনায় পিপাসু আশার। 

সফলতা-বিফলতা নিয়েই জীবন ভাবায়,
কারণ বেঁচে থাকার জন্য লড়াই
অপেক্ষা তো বিজয়ের নিশান উড়ায়। 

আমি জেগে আছি ভোরের সিতানে...
রাত শেষ হবার তীব্র কামনায়, 
আমি জেগে আছি প্রাণভরে
বেঁচে থাকার জন্য আমরা লিখি
চারপাশে যারা পড়তে চায়,
তাদের জন্য জানালা খুলে দাও
প্রজন্ম থেকে প্রজন্মের দীক্ষায়।
পরম্পরায় চেতনা জাগিয়ে থাকুক
সৃজনের উৎসবে অতৃপ্ত অভিনন্দন।

আরও পড়ুন

×