ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংযোগ সড়কবিহীন কোটি টাকার ব্রিজটি গলার কাঁটা

সংযোগ সড়কবিহীন কোটি  টাকার ব্রিজটি গলার কাঁটা
×

রাঙ্গুনিয়ার মৌলানা গ্রামের সড়কহীন ব্রিজ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

উঁচু হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৪ ফুট দীর্ঘ এক কংক্রিটের ব্রিজ। কিন্তু তার দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। ব্রিজটি পার হতে স্থানীয়রা নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে কোনোমতে ওঠানামার ব্যবস্থা করেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরফভাটা ছনাগাজী এলাকা থেকে মৌলানা গ্রামমুখী এই সড়কে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কোটি টাকা ব্যয়ে ২০১৫-২০১৬ অর্থবছরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে ব্রিজ নির্মাণের এক দশক পেরিয়ে গেলেও ব্রিজের দুই পাশে কোনো সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে ১০ গ্রামের সার্বিক কর্মকাণ্ড বছরের পর বছর পিছিয়ে রয়েছে। যাতায়াতে জনদুর্ভোগ বাড়ছেই। 

সোমবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, শুধু এই সংযোগ সড়কই নয়, এলাকার দীর্ঘ ৩০ বছরের অবহেলিত প্রধান তিনটি সড়কও যাতায়াত ও যান চলাচলের জন্য ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না হওয়াতে ৩টি সড়ক দিয়ে চলাচল অনেকটা বন্ধ রয়েছে। গোটা এলাকার সার্বিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে এ ব্রিজটির কারণে। সংযোগ সড়ক না হওয়াতে এলাকার ১০ গ্রামের মানুষকে দেড় কিলোমিটার ঘুরে মূল সড়কে উঠতে হয়। পায়ে হেঁটে পাড়ি দিতে হয় দেড় ঘণ্টার পথ। এলাকার মানুষের দুঃখ ব্রিজটি যেজন্য করা হয়েছে, তা এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। এ ব্রিজের সামনে এলাকার ৩টি সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে বছরের পর বছর কাদা মাড়িয়ে চলতে হচ্ছে। এই জনদুর্ভোগ লাঘবে এবং এলাকার মাওলানা নেছার উল্লাহ শাহ জামে মসজিদ সড়ক পুনর্নির্মাণের দাবিতে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সড়ক মাওলানা বাজার রোড, দরবারে নেছারিয়া সড়ক এবং পাইট্টেলীকুল সড়ক গত ৩০ বছরেও কোনো প্রকার সংস্কারের মুখ দেখেনি। জরাজীর্ণ ও বেহাল অবস্থায় পড়ে আছে সড়কগুলো। কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারায় মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। 

স্থানীয় স্কুলশিক্ষক আমিনুল ইসলাম ও ব্যবসায়ী জালাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রিজ হওয়ার পর ১০ বছর পার হলো, আমাদের সড়কের ভাগ্যবদল হলো না। শুনলাম, দুইবার টেন্ডার হয়েছে, কিন্তু এই সড়কগুলো কেন করা হচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।” কলেজশিক্ষার্থী তানিয়া জাহান রেশমী জানান, ‘আমরা ব্রিজটির কারণে অন্যদিকে ঘুরে কলেজে যাই। এতে আমাদের সময় আর পরিশ্রম হয়।’ 
রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, ব্রিজটি নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর চলাচলের জন্য। সংযোগ সড়ক না হওয়ায় ব্রিজটি অচল ব্রিজে পরিণত হয়েছে। আমরা ৩টি সড়ক নির্মাণ ও সংযোগ সড়ক করার জন্য ৩ বার টেন্ডার আহ্বান করা হলেও কোনো ঠিকাদার কাজ করতে আগ্রহী না হওয়ায় নির্মাণ কাজ করা সম্ভব হয়নি। আমরা আবারও টেন্ডার আহ্বান করব। 
এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, ব্রিজের সংযোগ সড়কসহ অন্যান্য সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×