বংশালে মোখলেছিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ইনু ও মেনন
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে এবার গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মো. আশরাফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গতকাল সোমবার এ আদেশ দেন। এ সময় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন আদালতে উপস্থিত ছিলেন।
এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি হারুন অর রশিদ আসামিদের গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
এদিকে, কাঠগড়ায় দাঁড়িয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে তিনি হুমকি দেন বলে জানা গেছে।
এদিন রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শেষে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বলেন, কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কী করছেন তা কারাগারের একটা লাল খাতা ও একটা সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছেন। তিনি বলেন, ‘আজ আমাদের দীর্ঘ চার ঘণ্টা ধরে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়।’ ইনু আরও বলেন, বর্তমানে বিচারব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসেবে কাজ করছে।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামি হাসানুল হক ইনুকে থামতে বলেন। ইনু না থেমে রাষ্ট্রপক্ষের ওই আইনজীবীকে বলেন, ‘আপনি চুপ করেন।’ এ সময় রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আসামির আদালত অবমাননার অভিযোগ তুলে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান আদালত। এরপর মামলাটিতে ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।
ইনুর মামলার রায় ৩০ জুন
হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।
- বিষয় :
- মামলা
