ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুমিল্লা

রেজাউলের আটককাণ্ডে বিব্রত বিএনপি

‘চাঁদাবাজির অভিযোগের তদন্ত হবে’

রেজাউলের আটককাণ্ডে বিব্রত বিএনপি
×

রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:৫১ | আপডেট: ০৫ মে ২০২৬ | ০৯:৩৯

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটক এবং থানা ঘেরাও করে তাঁকে মুক্ত করার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ আলোচনা চলছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। পুরো ঘটনায় স্থানীয় বিএনপি বিব্রত। প্রকৃত ঘটনা পরিষ্কার করতে তারা তদন্ত করার ঘোষণা দিয়েছে।   

রেজাউল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি। তিনি এলাকায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের অনুসারী হিসেবে পরিচিতি। তাঁকে রোববার দুপুরে শহরতলীর শাসনগাছা থেকে আটক করা হয়। ওই দিন রাত ১২টার দিকে থানা ঘেরাও করলে তাঁকে ছেড়ে দেয়া হয়। 

গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ আশিকুর রহমান ওয়াসিম সমকালকে বলেন, ‘বিএনপি অনেক বড় দল, যেহেতু রেজাউলের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে, সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে। এতে দল অনেকটা বিব্রত। তাই  অভিযোগের সত্যতা জানতে চাই। আমরা এসব অভিযোগ দল থেকে তদন্ত করব, দলের ভেতরও ষড়যন্ত্রকারী থাকতে পারে।’

কুমিল্লা নগরীর শাসনগাছা টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-সিলেটসহ জেলার অভ্যন্তরে ১৬টি রুটে ৩০টি পরিবহন সার্ভিসের চার শতাধিক যানবাহন চলাচল করে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, দরজা খোলা মারুতি চলাচল করে আরও কয়েক হাজার। টার্মিনালের অন্তত সাতজন শ্রমিকনেতা ও পরিবহন মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন স্টেশনে ঢুকলেই এসব যানবাহন থেকে জেলা পরিষদের ইজারার বাইরেও নামে-বেনামে চাঁদা আদায় হয়। সব মিলিয়ে টার্মিনালকেন্দ্রিক প্রতিদিন অন্তত ৪ লাখ টাকা চাঁদা ওঠে। এসব টাকা মালিক ও শ্রমিক সংগঠন, কাউন্টার ম্যান, শ্রমিক, কেরানি থেকে শুরু করে সিন্ডিকেট সদস্যদের পকেটে যায়। 

পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর রেজাউল কাইয়ুম ও তাঁর অনুসারী সিন্ডিকেট বাস টার্মিনালের নিয়ন্ত্রণ হাতে নেয়। প্রতিটি সার্ভিসের কাউন্টারে রেজাউল তাঁর অনুসারীদের নিয়োগ দেন। সর্বশেষ গত শুক্রবার শাসনগাছা থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের শ্রমিকরাও টার্মিনালের চাঁদাবাজি নিয়ে প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেন। 

জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায় থেকে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজির ঘটনা জানাজানি হলে রেজাউলের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তাঁকে আটক করার নির্দেশ আসে। এরপরই পুলিশ তাঁকে আটক করে।  

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কবির আহম্মেদ বলেন, পরিবহন খাতে কোনো নীতিমালা না থাকায় চাঁদাবাজিটা একটা নিয়মে পরিণত হয়েছে। মালিক সমিতি বাসপ্রতি মাত্র ১০ টাকা নেয়। বাকি টাকা হয়তো অন্যান্য খাতে নেওয়া হয়।  

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, ‌‘আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা।’ তিনি বলেন, ‘টার্মিনালে আমার কোনো বাস নেই। যেহেতু রাজনীতি করি তাই মালিক শ্রমিক ঐক্য পরিষদে আমি উপদেষ্টা। এ টার্মিনাল চাঁদাবাজমুক্ত করতে প্রশাসনকে সহায়তা করব বলে আশ্বাস দিয়েছি।’  

আরও পড়ুন

×