রহনপুরে অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা
সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৮:১৩
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইনভিত্তিক আম ব্যবসা সংগঠিত ও বিশ্বাসযোগ্য করতে ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী আশরাফুল হক। রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য প্রচারণার অংশ হিসেবে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রচারণার এক পর্যায়ে আম ব্যবসায়ীদের উদ্দেশে এই উদ্যোগের কথা জানান আশরাফুল হক। তিনি রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। একটি অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।’
আশরাফুল হক জানান, বর্তমানে অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার মধ্যে আস্থার সংকট রয়েছে। অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু পণ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই প্রেক্ষাপটে তিনি বলেন, ‘অনলাইন আম বিক্রেতাদের একটি পরিচয়ভিত্তিক কার্ড দেওয়া হবে, যাতে ক্রেতারা যাচাই করে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন।’
এ ঘোষণার পরপর স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, রহনপুরের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসেবে পরিচিত। তাই প্রস্তাবিত ‘আম কার্ড’ চালু হলে নিবন্ধিত বিক্রেতাদের একটি তালিকা তৈরি হবে, যা অনলাইন বাজারকে আরও স্বচ্ছ ও সংগঠিত করতে সহায়ক হতে পারে। তবে এই খাতে আস্থা ও স্বচ্ছতা বাড়াতে ‘আম কার্ড’ উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে বাস্তবায়নের ওপর। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেওয়া এ পরিকল্পনা বাস্তবে রূপ পেলে অনলাইন আম বাজারে নতুন মাত্রা যোগ হতে পারে। এতে ভেজাল বা প্রতারণা কমবে। পাশাপাশি ব্যবসাও বাড়বে বলে মনে করছেন তারা।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
