হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন আসামি
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৯:১৮ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৯:২০
ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলায় গ্রেপ্তার হওয়া শাহীন নামের এক আসামির পালানোর ঘটনা ঘটেছে। একই সময়ে পালানোর চেষ্টা করা সজল নামের আরেক আসামিকে উপস্থিত জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পলাতক শাহীন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মৃত জালাল মিয়ার ছেলে এবং আটক সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।
আদালত পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘গত সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুব পুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ শাহীন ও সজল নামে দুজনকে আটক করে পুলিশ। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা দুজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। অপর আসামি সজল পালানোর সময় উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।’
