অটোচালকদের অবরোধ মহাসড়কে যানজট
কালিয়াকৈর উপজেলার লোহাকৈর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
হাইওয়ে পুলিশের অটোরিকশা ‘আটক বাণিজ্যের’ প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। শত শত অটোরিকশাচালক গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার লোহাকৈর বাজার সড়কের মাথায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অসহনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মহাসড়কে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও এ মহাসড়কের কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোহনী পর্যন্ত অবাধে এগুলো যাতায়াত করছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করতে সালনা হাইওয়ে পুলিশ কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে। গত সোমবার সকালে কিছু চালক ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালান। এরপর হাইওয়ে পুলিশের সদস্যরা অটোরিকশা আটক জোরদার করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে শত শত অটোচালক মহাসড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, পুলিশকে প্রতি সপ্তাহে দুই হাজার ৬০০ টাকা দেওয়া হলে তারা ফোনে একটি মেসেজ দেন। সেটি দেখালে অভিযানে থাকা পুলিশ সদস্যরা অটোরিকশা ছেড়ে দেন। যারা সেটি দেখাতে পারেন না তাদের গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
অটোচালক আব্দুল খালেক মোল্লাহ ও কামরুজ্জামান বলেন, পুলিশকে সপ্তাহে টাকা দেওয়া হলে তারা একটি মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ দেন। সেই মেসেজ দেখিয়ে মহাসড়কে পুরো এক সপ্তাহ অটো চালানো যায়। যে অটোচালক টাকা দেয় না তাঁর গাড়ি আটক করে থানায় নিয়ে টাকা দাবি করে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, অটোচালকদের বুঝিয়ে দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেওয়া হয়। বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জাননো হয়েছে।
সালনা হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম বলেন, মহাসড়কে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তাই মহাসড়কে যাতায়াতকারী অটোরিকশা আটক অভিযান চালানো হয়েছে। এ কারণেই অটোচালকরা টাকা আদায়ের মিথ্যা অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছিল। আমার কোনো পুলিশ সদস্য কোনো অটো চালকের কাছ থেকে টাকা নেয় না। তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- অবরোধ
