সাংবাদিকদের ওপর হামলা
বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, গ্রেপ্তারে বিলম্বে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রতিবাদ সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৮:০৫
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিকরা। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক মেহেদি হাসান, আশরাফুল ইসলাম রঞ্জু, ডাবলু কুমার ঘোষ, আনোয়ার হোসেন দিলু, ফারুক আহমেদ, তারেক আজিজ ও তারেক রহমানসহ অনেকে।
প্রতিবাদ সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, ‘আমরা মনে করেছিলাম সাম্প্রতিক ঘটনাগুলোর পর পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু বাস্তবে সেই চিত্র দেখছি না।’
বক্তারা অভিযোগ করেন, একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। বরং ‘আইওয়াশ’ করতে নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন তারা।
সাংবাদিক নেতারা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সেখানেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
থানা সূত্র জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে, শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- রাজশাহী
- চাঁপাইনবাবগঞ্জ
