চিকিৎসকের স্টিকারযুক্ত প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বার, আটক ৩
ছবি: সমকাল
যশোর প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৫:৩৭
যশোরে চিকিৎসকের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল চিকিৎসকের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছার উত্তর কঢারপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করা হয়। পরে সেগুলো যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অভিযানে স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
- বিষয় :
- যশোর
- অভিযান পরিচালনা
- স্বর্ণের বার
