ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাবনায় আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া নারী মরদেহের পরিচয় শনাক্ত

পাবনায় আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া নারী মরদেহের পরিচয় শনাক্ত
×

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৮:৫৯

পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারী মরদেহের পরিচয় মিলেছে। ওই নারীর নাম মিনা খাতুন (৩০)। দুই সন্তানের জননী মিনা খাতুন পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়ার কালিয়ানি গ্রামের সামছুল আলমের মেয়ে। 

গত মঙ্গলবার পাবনা মধ্য শহরের লাকী বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে যশোর জেলার কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামের আমিনুর রহমান লাল্টুর সাথে বিয়ে হয় মিনার। গত বছরের জুলাই মাসে মিনা খাতুন পলাশকে বিয়ে করেন। পলাশের সাথে আট মাস সংসার করার পর বাবার বাড়ি চলে যান মিনা। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি। গত ৪ মে সকাল ১০টার দিকে বেড়া উপজেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনা। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। 

মঙ্গলবার দুপুরে পাবনা শহরের লাকী বোর্ডিং নামের আবাসিক হোটেলের একটি কক্ষে পাওয়া যায় মিনা খাতুনের মরদেহ। সে সময় তৎক্ষণাৎ তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হত্নি।

মঙ্গলবার রাতে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহের পর তার পরিচয় শনাক্ত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা সামছুল আলম বাদী হয়ে মিনার দ্বিতীয় স্বামী পলাশ শেখকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

×