ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অনলাইন জুয়ার ‘এজেন্ট’ ফিলসন গ্রেপ্তার

অনলাইন জুয়ার ‘এজেন্ট’ ফিলসন গ্রেপ্তার
×

মেহেরপুরে ডিবির হাতে গ্রেপ্তার আখতারুজ্জামান ফিলসন। ছবি: সমকাল

মেহেরপু্র প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৯:৩৬

মেহেরপুরে সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ফিলসন অনলাইন জুয়ার প্রভাবশালী এজেন্ট। 

কোমরপুরের বাসিন্দা ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি ও রাজনৈতিক একটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, গত ৪ নভেম্বর মেহেরপুরে দায়ের প্রথম সাইবার সুরক্ষা আইনের মামলার ১২ নম্বর ও ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানায় দায়ের দ্বিতীয় সাইবার সুরক্ষা আইনের মামলার ১ নম্বর আসামি ফিলসন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক। 

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে মেহেরপুর ডিবি পুলিশ ও কোমরপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মেহেরপুর থানায় হওয়া মামলার অপর আসামি জামান উদ্দিন ওরফে জামান মাস্টারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ডিবি পুলিশ ফিলসনের বাড়িতে গেলেও তিনি পালিয়ে যান।

মামলার নথিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ-বিদেশে অর্থ পাচার, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন, ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলতেন ফিলসন। 

মেহেরপুরের ডিবি ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গ্রেপ্তারের সময় ফিলসনের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। এগুলোর ফরেনসিক পরীক্ষায় অনলাইন জুয়া পরিচালনা বা মানি লন্ডারিংয়ের তথ্য-প্রমাণ পাওয়া গেলে নতুন মামলা হবে। তাকে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলা ও রাজনৈতিক মামলার পলাতক আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×