চট্টগ্রামে তিন মিনিটের অপারেশন
নাছির হত্যার বদলা হিসেবে রাজুকে খুন
চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:৩৯
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী নাছির উদ্দিন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে হাসান রাজুকে খুন করেছে দুর্বৃত্তরা। হত্যার প্রতিশোধ নিতে নাছিরের সহযোগী অন্য সন্ত্রাসীরা এ খুন করেছে বলে ধারণা করছে পুলিশ।
গত ২৬ এপ্রিল রাউজানে প্রবাসফেরত যুবদলকর্মী ও সন্ত্রাসী নাছিরকে হত্যা করা হয়। নিহত রাজু ডাকাত আলমের সহযোগী বলে এলাকায় প্রচার রয়েছে। রাজু খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রায়হান বাহিনীর হাত রয়েছে বলে ধারণা করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পুরোনো রৌফাবাদ বিহারি কলোনিতে একের পর এক গুলি চালিয়ে হাসান রাজুকে (২৪) খুন করে সন্ত্রাসীরা। এ সময় মাত্র তিন মিনিটের অপারেশন চালানো হয়।
গতকাল শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার অর্ধশত বছরের পুরোনো এ কলোনিতে গিয়ে দেখা যায়, তিনশর মতো ঘর রয়েছে এখানে। কলোনির শেষ মাথা থেকে শহীদ মিনারের মূল সড়কে আসতে তিন থেকে চার ফুটের গলির রাস্তাই একমাত্র পথ। এ পথেই আসা-যাওয়া করেন হাজারো বাসিন্দা। কিন্তু পথটি রাতের হত্যাকাণ্ডে এখন কলোনির বাসিন্দাদের কাছে আতঙ্কে পরিণত হয়েছে।
কলোনির বাসিন্দা আছিয়া আক্তার নামে এক গার্মেন্টকর্মী বলেন, বায়েজিদে একটি কারখানায় কাজ করার সুবাদে গত ৯ বছর ধরে এ কলোনিতে বসবাস করছি। এখানে কখনও খুনখারাবি হয়নি। আমরা শান্তিতেই বসবাস করে আসছিলাম। কিন্তু বৃহস্পতিবার রাতে বাইরের চার-পাঁচ যুবক ঢুকে যেভাবে প্রকাশ্যে গুলি করে একটি ছেলেকে খুন করল, তা দেখে এখন খুব ভয় লাগছে। কলোনির রিকশাচালক মো. নাজমুল বলেন, সারাদিন রিকশা চালিয়ে সন্ধ্যায় বাসা এসে চা-বিস্কুট খেয়ে মোবাইল ফোনে গেম খেলছিলাম। হঠাৎ ঠুস ঠুস আওয়াজ। সাত-আট মিনিট পর চিৎকার, কান্নাকাটির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি গলির ভেতর একটি ছেলের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে। মাথা থেকে খুব রক্ত বের হচ্ছিল।
নিহত রাজুর বোনের বাসায় কলোনির নারীরা এসে তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। কান্না করতে করতে তাঁর বোন রুমা আক্তার বলেন, বেড়াতে এসে আমার ভাই এভাবে খুন হবে, সেটা মেনে নিতে পারছি না। কেন তাকে গুলি করে খুন করল, সেটাও বুঝতে পারছি না। রাজু কখনও কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল না। সে অপরাধী হলে বাসার ভেতর লুকিয়ে থাকত। ভাইটি গত বছর বিয়ে করেছে। তার গত মাসে একটি মেয়ে সন্তান হয়েছে। যারা শিশু মেয়েটাকে এতিম করেছে, তাদের ফাঁসি চাই।
কলোনির কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কলোনির মুখ থেকে একটু ভেতরে পরপর আট থেকে ১০ রাউন্ড গুলির আওয়াজ হয়। তখন বাসা থেকে অনেকে বের হন। গুলি করে মাস্ক পরা পাঁচ-ছয়জন যুবক অস্ত্র হাতে দৌড়ে কলোনি থেকে বের হয়ে যান। তারা শহীদ মিনার এলাকায় আগে থেকে অবস্থান করা দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে এলাকা ত্যাগ করেন।
নগরীর বায়েজিদ বোস্তামী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল বলেন, রৌফাবাদে খুনের ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুটি সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে এ খুনের ঘটনা বলে তথ্য পাওয়া যাচ্ছে।
পুলিশ জানায়, ভিকটিম রাজুর মাথার পেছনে বাঁ পাশে ঘাড়ের একটু ওপরে পাঁচটি গুলি করা হয়। খুবই কাছ থেকে গুলি করে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিতের পর এলাকা ছাড়ে সন্ত্রাসীরা।
একই ঘটনায় কলোনিতে গুলিবিদ্ধ ১২ বছরের শিশু রেশমি আক্তার এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রেশমির ভাই ফয়সাল মাহমুদ বলেন, আম্মু তাকে একটি কাজে দোকানে পাঠিয়েছিলেন। কলোনিতে রাজুকে এলোপাতাড়ি গুলি করার সময় আমার বোনের শরীরে এসেও গুলি লাগে। ছোট বোন এখন মৃত্যুশয্যায়। সে চতুর্থ শ্রেণিতে পড়ে।
নিহত নাসির উদ্দিনের মেয়ে লাভলী আক্তার তাঁর বাবাকে খুনের ঘটনায় রাজুর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছিলেন। এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই তানভীর হোসেন সমকালকে বলেন, নিহত হাসান রাজুর বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে নাছিরের খুনে সন্দেহের তালিকায় তাঁর নাম ছিল।
- বিষয় :
- খুন
