নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও সৎ বাবা আটক
ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৬:৪৭
বগুড়ার সদর উপজেলায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজানে নিপা শেখেরকোলা ইউনিয়নের দুলাল নামে এক ব্যক্তির সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শুক্রবার রাতে নিপা একটি পুত্রসন্তান প্রসব করেন। পরদিন শনিবার সকালে এলাকার এক ব্যক্তি এক নবজাতককে পানিতে ভাসতে দেখেন।
পরে বিষয়টি জানাজানি হলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা হবে।
নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
