ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাঞ্ছারামপুরে নিবন্ধনের কাগজ চাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে মারধর

বাঞ্ছারামপুরে নিবন্ধনের কাগজ চাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে মারধর
×

আহত ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম। ছবি: সমকাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:৩০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুর্গারামপুর এলাকার একটি দোকানে ভ্যাট নিবন্ধনের কাগজ চাওয়ায় ভ্যাট ইন্সপেক্টরকে মারধরের অভিযোগ উঠেছে। মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের দোকানের মালিক হাবিবুর রহমানের নেতৃত্বে পাঁচ-ছয়জন বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামকে গুরুতর আহত করেন।  

শনিবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় তার একটি হাত ভেঙে যায়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যাট ইন্সপেক্টরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাঞ্ছারামপুর সদর গ্রামের মো. সবুজ মিয়া তাকে বাঁচাতে গেলে হাবিবুর রহমান তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন।  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ অ্যান্ড কাস্টমসের ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম শনিবার ঐ এলাকার একটি কোম্পানির ডিলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে নিজের পরিচয় দিয়ে ভ্যাট-সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় হাবিবুর রহমান ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া বলে সন্দেহ করেন। পরে হাবিবুর রহমান লোক জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। 

ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি দুপুর পৌনে দুইটার দিকে দুর্গারামপুর ব্রিজের পূর্বপাশে প্রাণ কোম্পানির ডিলার হাবিবুর রহমানের দোকানে যাই। এ সময় তাকে ভ্যাটের নিবন্ধন আছে কিনা জানতে চাই। তিনি জানান, তার দুটি প্রতিষ্ঠান আছে— একটি আল্লাহর দান এবং অন্যটি ব্রাদার্স ইন্টারন্যাশনাল। আমি তাকে কাগজপত্র দেখাতে বলি। সে আমাকে বলে, শনিবার অফিস বন্ধের দিনে আপনি কিসের সরকারি কর্মকর্তা, আপনি ভুয়া। এ ধরনের কথা বলতে থাকে। আমি আমার পরিচয় দিয়ে আবার ভিজিটিং কার্ড দেখাই। কিন্তু হাবিবুর কয়েকজন কর্মচারী নিয়ে আমাকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আমার হাত ভেঙে দিয়েছে। পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। আমাকে ঢাকায় রেফার করা হয়েছে। আমি পঙ্গু হাসপাতালে যাচ্ছি চিকিৎসা নিতে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, দুপুরে সাইফুল ইসলাম নামে একজন চিকিৎসা নিতে এসেছিলেন। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার একটি হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা পঙ্গু হাসপাতালে রেফার করেছি।

ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান, আমাদের অফিসে কর্মরত ভ্যাট ইন্সপেক্টর সাইফুল সাহেব আজ দুপুরে বাঞ্ছারামপুর সদরের একটি দোকানে গিয়ে ভ্যাটের আওতায় আছে কিনা, তার কাগজপত্র দেখতে চান। এ সময় দোকানের মালিক তাকে ভুয়া কর্মকর্তা বলে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আগামীকাল আমরা অফিসে গিয়ে এ বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব। 

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, এই ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছিলাম। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×