তরুণকে নির্যাতন করে ভিডিও ছড়াল কিশোর গ্যাং
প্রতীকী ছবি
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২৩:২৭
বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। নির্যাতনের সময় ধারণ করা দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়েও দিয়েছে তারা। আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, তার বাবার করা অভিযোগ আমলে না নেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের বি-মির্জাপুরের ওই তরুণকে (১৮) গতকাল শুক্রবার দুপুরে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের এক সদস্য। শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হয় গ্যাংয়ের পাঁচ-ছয়জন সদস্য। তারা ওই তরুণকে জোর করে ভ্যান থেকে নামিয়ে বিদ্যালয়ের পেছনের একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তারা। প্রায় ৩০ মিনিট ধরে চালানো নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। খবর পেয়ে পরিবারে লোকেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরই মধ্যে ওই নির্যাতনের ৩৩ সেকেন্ড ও ৫১ সেকেন্ডের দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করে কিশোর গ্যাং সদস্যরা। আহত তরুণ ও তার পরিবারকে এ বিষয়ে মুখ না খুলার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার খোকসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগের ২৪ ঘণ্টা পার হলেও কিশোর গ্যাং সদস্যদের পুলিশ ধরার উদ্যোগ নেয়নি বলে আহতের বাবা অভিযোগ করেন। উল্টো ওই কিশোর গ্যাং সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
চিকিৎসাধীন ওই তরুণ জানান, দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের রাব্বি তাকে ফোনে ডাকে। তিনি তার সঙ্গে শোমসপুর স্কুলের সামনে পৌঁছালে তারই গ্রামের আজাদ শেখের ছেলে কিশোর গ্যাং লিডার আবিরসহ পাঁচ-ছয়জন দুটি মোটরসাইকেলে এসে তাদের ভ্যান দাঁড় করায়। তাকে জোর করে ভ্যান থেকে নামিয়ে স্কুলের পাশের একটি নির্জন আম বাগানে নিয়ে যায়। এরপর শুরু করে শারীরিক নির্যাতন। সেখানে সবাই মিলে প্রায় ৩০ মিনিট ধরে তাকে কিলঘুসি মারতে থাকে। কান ধরে ওঠবস করানো হয়। ক্ষমা চাওয়ানো হয়। হাতে সিগারেট দিয়ে ভিডিও করা হয়। এ নির্যাতনের ভিডিও করে রাব্বি। পরে তার পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গলায় আঘাতের ফলে তিনি কোনো খাবার গিলতেও পারছেন না।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে ওই তরুণের মামার সঙ্গে প্রতিপক্ষের আব্দুল কাদেরের বিরোধ আছে। এই বিরোধের জের ধরে গ্রামের কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে এ হামলা করা হয়েছে। এখনও হামলার ভয় দেখানো হচ্ছে। ভুক্তভোগীর বাবা বলেন, তার ছেলের ওপর হামলাকারীরা গ্রামে মহড়া দিয়ে বেড়াচ্ছে। নির্যাতনের ঘটনার ভিডিও ছড়িয়ে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ কোনো উদ্যোগ নেয়নি।
এ বিষয়ে জানতে কিশোর গ্যাং লিডার আবিরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার বাবা আজাদ শেখ বলেন, জমিজমা নিয়ে ঘটনাটি ঘটেছে। ছেলেকে তিনি শাসন করেছেন বলেও জানান।
খোকসা থানা পুলিশের এসআই মো. আলাল বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি দুই দফা সরেজমিন গিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- কিশোর গ্যাং
- নির্যাতন
- ভিডিও ভাইরাল
