ডহরী-তালতলা খালে অভিযান, ৫ বাল্কহেড আটক
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
লৌহজং উপজেলার ডহরী-তালতলা খালে অভিযান চালিয়ে পাঁচটি বাল্কহেড ও একটি ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
আটক বাল্কহেডগুলোর মধ্যে রাজন মুন্সীর একটি, রুবেল মাদবরের একটি, রিপন ওস্তাকারের দুটি ও সুফেল মিয়ার একটি।
‘ডহরী-তালতলা খালে চাঁদা দিয়ে চলছে নিষিদ্ধ বাল্কহেড’ শিরোনামে সংবাদ প্রকাশের পরই এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান ও মাওয়া নৌ পুলিশ সদস্যরা।
টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের তথ্যমতে, বালিগাঁও ইউনিয়নের গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ডহরী-তালতলা খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেডগুলো নিয়ে প্রবেশ করে। জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে বাল্কহেড মালিকদের এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন, অভিযানে বাল্কহেডগুলোকে তাড়া করলে টঙ্গিবাড়ী উপজেলা সীমান্তে ভিড়িয়ে পালিয়ে যায় চালক ও কর্মচারী। পরে বালিগাঁও ইউপি সদস্য খোরশেদ আলমের জিম্মায় দিয়ে টঙ্গিবাড়ী ইউএনওকে জানানো হয়। নিয়মিত মামলা হয়েছে।
- বিষয় :
- আটক
