গুলিয়াখালী সৈকতে ঢাকার ৮ পর্যটকের ওপর হামলা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সৈকতে দুর্বৃত্তদের হামলায় আট পর্যটক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের একজনের হাত ভেঙে গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা থেকে ২২ জন পর্যটক শনিবার সকালে গুলিয়াখালী সমুদ্রসৈকতে আসেন। তারা ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য।
পর্যটক মো. মাহিন বলেন, গুলিয়াখালী সৈকতে একটি টেবিলে বসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত হামলা শুরু করে। ১০-১২ জন ব্যক্তি লাঠি নিয়ে সবাইকে পেটাতে থাকে। এতে আটজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় রাব্বি, তাসফিক, মোহাইমিন ও রাজু নামে চারজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন, আটজন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের হাত ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। তিনিসহ চারজন চিকিৎসাধীন।
পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাতরা। গত শুক্রবার রাত ৩টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতরা রাতের মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকার লক্ষ্য করে রড অথবা লোহার পাইপ ছোড়ে। বিকট শব্দে অনেক চালক গাড়ি থামিয়ে কী হয়েছে তা বোঝার চেষ্টা করেন। এ সুযোগে ডাকাতি করে তারা। শুক্রবার রাতেও পুলিশের গাড়িতে একই কায়দায় ডাকাতির চেষ্টা চালায় একটি চক্র। এ সময় ধাওয়া করে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা রবিউল হোসেনকে আটক করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, রবিউল হোসেনের বিরুদ্ধে তিন ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একাধিকবার ডাকাতির ঘটনায় রবিউল গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, তার একটি বাহিনী রয়েছে। গুলিয়াখালীর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূনাছড়া এলাকায় বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
ভুক্তভোগী জনি বণিক (২৯) জানান, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার ভোর ৫টার দিকে নূনাছড়া অতিক্রম করছিলেন। তাদের মাইক্রোবাসে হঠাৎ একটি শব্দ শোনা যায়। এ সময় চালক গাড়িটি দাঁড় করান। তারা গাড়ি থেকে নেমে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে কিছু পড়ে গেছে কিনা, তা দেখছিলেন। হঠাৎ মহাসড়কের পাশের জমি থেকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত রামদা, কিরিচ ও ছুরি নিয়ে বেরিয়ে আসে। তারা ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা অতিথিদের পাঁচটি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
জনিসহ তিনজন গাড়ির বাইরে ছিলেন। এ সময় ডাকাতরা ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে মসজিদে আশ্রয় নেন। সেখান থেকে জনি ৯৯৯-এ কল করে সীতাকুণ্ড মডেল থানায় জানান।
ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি নূনাছড়ায় বরযাত্রীদের গাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
- বিষয় :
- হামলা
