বিএনপি নেতার টাকা ছিনতাই গ্রেপ্তার ৯ জন বিকাশকর্মী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত সবাই নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কর্মকর্তা-কর্মচারী বলে পুলিশ জানিয়েছে। তাদের ঘিরেই যত সন্দেহ পুলিশের।
গ্রেপ্তার হওয়া ৯ জন হলেন– কোম্পানির সুপারভাইজার শাহেদ আহমদ, চালক কামাল হোসেন, ডিএসও আদনান, আবু তাহের ও রূপায়ণ বিশ্বাস। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা এস্কর্ট সদস্য রোমান আহমদ, সালমান আহমদ, গোলাম শহীদ ও জুনায়েদও আছেন এ দলে।
শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে দিতে ৮১ লাখ ২০ হাজার টাকা নিয়ে একটি প্রাইভেটকারে রওনা দেন (ঢাকা মেট্রো-খ-১১-৭৩৯৯) কোম্পানির সুপারভাইজার শাহেদ আহমদ, চালক কামাল হোসেন, ডিএসও আদনান, আবু তাহের ও রূপায়ণ বিশ্বাস। তারা দক্ষিণ সুরমার পারাইচকে পৌঁছার পর ছিনতাইকারীরা গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ সময় ছিনতাইকারীরা গাড়িতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে লুটে নেয় ৫০ লাখ ৭০ হাজার টাকা। বাকি টাকা গাড়ির ভেতরে থাকায় সেগুলো নিতে পারেনি দুর্বৃত্তরা।
সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, গাড়িতে থাকা কর্মকর্তারা ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গতি কমিয়ে ডাকাতদের সুযোগ করে দেন; নিরাপত্তার দায়িত্বে থাকা এস্কর্ট সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের সঙ্গে আঁতাত করে বিকাশের কর্মীরা টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করেছিলেন। এসব বিষয় সামনে রেখে গ্রেপ্তরদের জিজ্ঞাসাবাদ করলেও কোনো সদুত্তর পায়নি পুলিশ।
এ ব্যাপারে এসএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম সমকালকে বলেন, গ্রেপ্তাররা সবাই বিকাশের কর্মী। আটক হওয়ার পর তারা এ বিষয়ে নানা অসংলগ্ন উত্তর দেন।
- বিষয় :
- গ্রেপ্তার
