ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত
×

প্রতীকী ছবি

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১১:৩৭

কিশোরগঞ্জের ভৈরবে টমটম গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাজিম (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের নবিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম নবিপুর গ্রামের হাজি বাড়ির হোসেন মিয়ার ছেলে এবং স্থানীয় যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়-এর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার বিকেলে টমটম চালক মনির হোসেন কয়েকজন শিশু-কিশোরকে নিয়ে বাদামের গাছ সংগ্রহ করতে একটি ক্ষেতে যান। পরে গাড়িতে বাদামের গাছ বোঝাই করে বাড়ি ফেরার পথে টমটমের ঝাঁকুনিতে তাজিম গাড়ি থেকে পড়ে গিয়ে চাকার নিচে চাপা পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত টমটম চালক মনির হোসেন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায়ই শিশু-কিশোরদের সামান্য টাকার বিনিময়ে বিভিন্ন কৃষিকাজে নিয়ে যেতেন।

নিহতের চাচা আসাদ মিয়া বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। সমাধান না হলে আইনের আশ্রয় নেব।”

এ বিষয়ে ভৈরব থানা-র উপপরিদর্শক (এসআই) আসিবুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 

আরও পড়ুন

×