ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পাবনার ঈশ্বরদী

লাভের আশায় দেদার বিক্রি অপরিপক্ব লিচু

লাভের আশায় দেদার বিক্রি অপরিপক্ব লিচু
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬ | ০৭:১৭

অতি লাভের আশায় পাবনার ঈশ্বরদীতে অপরিপক্ব ও কাঁচা লিচু বাজারজাত করা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন লিচু হাটবাজার ও সড়কের পাশে এখন স্বাদহীন ও টক কাঁচা লিচু বিক্রি করতে দেখা যাচ্ছে। জয়নগর শিমুলতলা লিচু হাট, ঈশ্বরদী পৌর বাজার, আওতাপাড়াসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যাচ্ছে হরহামেশা।

দেশজুড়ে ঈশ্বরদীর বোম্বাই লিচুর সুখ্যাতি রয়েছে। সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুরুতে এই অঞ্চলের লিচু পরিপক্ব হয়। তবে এবার বৈশাখের শেষ ভাগেই বাজারে উঠেছে দেশি, বোম্বাই, চায়না-থ্রি ও বেদানা জাতের লিচু। কৃষকরা বলছেন, চলমান তীব্র গরমে গাছ থেকে লিচু ঝরে পড়ছে। বড় ধরনের লোকসান এড়াতে তারা সময়ের আগেই লিচু বাজারে আনছেন।

খুচরা বাজারে বর্তমানে ১০০টি লিচুর এক আঁটি ২৯০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরু হওয়ায় ক্রেতারাও চড়া দামে নতুন ফল হিসেবে এসব লিচু কিনছেন। তবে অনেকেই স্বাদ নিয়ে হতাশ হচ্ছেন। লিচু চাষি জালাল রহমান সমকালকে বলেন, ‘এখন লাভ একটু বেশি হলেও এমন কাঁচা লিচু বিক্রি করা উচিত নয়।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঈশ্বরদী উপজেলায় প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে মোজাফফর, বোম্বাই, চায়না-থ্রি ও বেদানা জাতের লিচুর আবাদ হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ‘এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। প্রকৃত স্বাদ ও পুষ্টিগুণ নিশ্চিত করতে কৃষকদের আরও অন্তত ৮ থেকে ১০ দিন অপেক্ষা করা উচিত। পুরোপুরি পরিপক্ব হওয়ার পরই লিচু বাজারজাত করার পরামর্শ দেওয়া হয়েছে।’

এদিকে, চিকিৎসকরা কাঁচা ও কীটনাশকযুক্ত লিচু খাওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বারবার সতর্ক করেছেন। বিশেষ করে শিশুদের অপরিপক্ব লিচু খেতে নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান সমকাল প্রতিবেদককে বলেন, ‘অপরিপক্ব লিচুতে অনেক সময় ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খালি পেটে কাঁচা লিচু খেলে হাইপোগ্লাইসেমিয়া, বমি, পেটব্যথাসহ জটিল সমস্যা দেখা দিতে পারে।’

আরও পড়ুন

×