এবার সিঙ্গাপুর থেকে এলো ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ মে ২০২৬ | ২২:০২
সিঙ্গাপুর থেকে প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে জাহাজ ‘এমটি সি র্যাপটর’। ১৮৯ দশমিক ২ মিটার লম্বা জাহাজটি আজ সোমবার সকাল ১১টার দিকে বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য আনা এই ডিজেল প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে। সেখান থেকে যাবে তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে।
গত বুধবার সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে আসা ‘এমটি নিনেমিয়া’ বন্দরের বহির্নোঙরে নোঙর করে। আমেরিকা–ইরান যুদ্ধ শুরুর পর এটি ছিল দেশে আসা ক্রুড অয়েলের প্রথম চালান। এসব তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়।
