ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খালে ভাঙন, বিলীনের পথে ১৩ কোটি টাকার সড়ক

খালে ভাঙন, বিলীনের পথে ১৩ কোটি  টাকার সড়ক
×

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের গজিয়া খালের দক্ষিণ-পশ্চিমাংশে বাজার থেকে উছমানপুর পর্যন্ত চলছে তীব্র ভাঙন সমকাল

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৭:৩৮ | আপডেট: ১২ মে ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী-মেঘনার সংযোগ গজিয়া খালে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বিলীনের পথে নির্মাণাধীন বাঙালপাড়া-নোয়াগাঁও ১৩ কোটি টাকার সড়ক। এ ছাড়া ঝুঁকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদের নবনির্মিত সরকারি ভবন, বাঙালপাড়া বাজারসহ খাল-সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকা। 

সরেজমিন সোমবার সকালে দেখা যায়, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের গজিয়া খালের দক্ষিণ-পশ্চিমাংশে বাজার থেকে উছমানপুর পর্যন্ত তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে খালের তীরে তৈরি বড় ফাটলে ভেঙে পড়ছে তীরের মাটি। প্রবল স্রোতের টানে তা নিমিষেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। 

লাউড়া মাইজখোলা এলাকায় নদীর নাব্য সংকটের কারণে বৃষ্টি ও উজানের ঢলে এ খালে পানি প্রবাহের চাপ বেড়েছে। প্রবল স্রোতের কারণে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। গত ১ সপ্তাহে প্রায় ৩০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে বাঙালপাড়া বাজারের পূর্বাংশ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনসহ শত শত ঘরবাড়ি খালে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বাজারের পূর্বদিকের পণ্য ওঠানামার ঘাট-সংলগ্ন সিঁড়ির তলার মাটি সরে গেছে। যে কোনো মুহূর্তে সিঁড়ি ধসে যেতে পারে। অন্যদিকে অষ্টগ্রাম- নোয়াগাঁওয়ের ১৩ কোটি টাকার সড়ক নদীতে বিলীন হওয়ার পথে। 
‎স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করেছি। অতি দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ইউনিয়ন পরিষদ ভবন, বাজার, বসতভিটা বিলীন হয়ে যাবে। এতে এলাকাবাসী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

‎এ বিষয়ে কিশোরগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম জানান, বিষয়টি নিয়ে আমরা আগেও কাজ করেছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক জানান, রাস্তা রক্ষার জন্য শিগগির জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হবে। বাঙালপাড়া থেকে নোয়াগাঁও পর্যন্ত রাস্তাটি নির্মাণাধীন। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ, এ রাস্তার সঙ্গে ১৭৭ কোটি টাকা ব্যয়ে নোয়াগাঁও চাতলপাড় সেতুর সংযোগ রয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়েছেন। 

আরও পড়ুন

×