ডহরী-তালতলা খালে বাল্কহেড বন্ধ ঘোষণা তৃতীয়বারের মতো
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ডহরী-তালতলা খাল দিয়ে তৃতীয়বারের মতো বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের বিষয়ে জানাতে গতকাল সোমবার সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু তাঁর কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করেন।
ইউএনও ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মাওয়া নৌ পুলিশ স্টেশনের উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন, গাওদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদার, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বোরহান মিয়া, বাল্কহেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, গাওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম শিকদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান হাওলাদার লাভলু, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু, গাওদিয়া ইউপি সদস্য মোশারফ হোসেন বেপারী, কলমা ইউপি সদস্য হামিদ চাকলাদার লাট্টু প্রমুখ।
বৈঠকে ইউএনও ফারজানা ববি মিতু জানান, একটি চক্র চাঁদার বিনিময়ে ডহরী-তালতলা খালে অবৈধ বাল্কহেড চলাচল করতে সহায়তা করছে- এমন অভিযোগ পাওয়া গেছে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে দুইবার ডহরী-তালতলা খাল দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
- বিষয় :
- বাল্কহেড
